Top News

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি নির্দেশনা বাস্তবায়নে মৌলভীবাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন

 

মৌলভীবাজার পৌরসভার সেন্ট্রাল রোড এলাকায় জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযানের একাংশ। ছবি: জিএম টেলিভিশন


নিউজ ডেস্ক: দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয় নিশ্চিত করতে সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে মৌলভীবাজারে বিশেষ অভিযান চালানো হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৭টার দিকে মৌলভীবাজার পৌরসভার সেন্ট্রাল রোড এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা যৌথভাবে অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে অনিয়মের চিত্র ধরা পড়ে। দেখা যায়, অনেক দোকান বাইরে থেকে শাটার বন্ধ রেখে অভ্যন্তরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা সরকারি নির্দেশনার সুস্পষ্ট লঙ্ঘন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের এই নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। ভবিষ্যতেও এমন অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে, সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে জাতীয় সম্পদ রক্ষায় সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং প্রয়োজন অনুযায়ী আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম চালানো হবে।

Post a Comment

Previous Post Next Post